‘মৌসুমীকে জিজ্ঞেস কর’—গায়ক আসিফকে কড়া বার্তা ওমর সানির

একজন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক, অন্যজন দেশের আলোচিত সংগীতশিল্পী—দীর্ঘদিন ধরে আলাদা অঙ্গনে কাজ করলেও ওমর সানি ও আসিফ আকবরের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। সেই পরিচিত ছকে হঠাৎই যেন ফাটল ধরেছে। ক্রিকেট–ফুটবল প্রসঙ্গে দেওয়া একটি মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্ক ক্রমেই মোড় নেয় ব্যক্তিগত পাল্টাপাল্টি আক্রমণে। টেলিভিশনের স্টুডিও থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই ছড়িয়ে পড়ে এই দুই তারকার প্রকাশ্য দ্বন্দ্ব।

ইদানীং সিনেমায় নিয়মিত না থাকলেও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি এখন ব্যবসায় মনোযোগী। ঢাকার অদূরে একটি রেস্টুরেন্ট চালু করে সেখানেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন তিনি। অন্যদিকে ২০০১ সালে ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ঝড় তোলা আসিফ আকবর এখনো গানের জগতে সক্রিয়। সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর ক্রিকেট অঙ্গন ও গণমাধ্যমে তাঁর উপস্থিতিও বাড়ে।